সম্পূর্ণ প্রতিবেদন

Terrorists will have no sanctuary: Home Minister

দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র‌্যাব ও পুলিশের

দেশে সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় র‌্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং খুব শিগগিরই দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার(২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরের এনসিকম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি চট্টগ্রামে র‌্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “জঙ্গল সলিমপুরসহ অন্যান্য জায়গায় র‌্যাব ও পুলিশের ওপর যে হামলা হয়েছে, সেটা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। তারা উদ্ধত আচরণ ও দুঃসাহস দেখিয়েছে। খুব কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করা হবে।”

তিনি বলেন, জঙ্গল সলিমপুরে র‌্যাব ক্যাম্পে হামলার ঘটনায় যৌথ অভিযান চলমান রয়েছে। অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার ও একাধিক দাগী আসামিকে গ্রেফতার করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর দেশে আইনের শাসনের ঘাটতি ছিল। জঙ্গল সলিমপুর রাষ্ট্রের ভেতরে আরেকটি রাষ্ট্রে পরিণত হয়েছিল। এখন সেটিকে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

তিনি জানান, ওই এলাকায় পুলিশ অ্যাকাডেমি, র‌্যাব অ্যাকাডেমি, ক্রীড়া কমপ্লেক্স ও জেলা কারাগার নির্মাণের পরিকল্পনা রয়েছে। সন্ত্রাসীরা তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে অপতৎপরতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সীমান্তে বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটলেও সেগুলো ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে সমাধান করা হচ্ছে এবং জাতীয়ভাবে উদ্বেগ তৈরির মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মাবলম্বীর নিরাপদ ধর্মচর্চা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, “তথ্য পেলে ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া টোল প্লাজায় দীর্ঘ যানজট নিরসনে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় টোল ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ডিজিটাল কার্ডভিত্তিক স্বয়ংক্রিয় টোল আদায়ের ব্যবস্থা চালুর বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে।

আরও পড়ুন