গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’-এর মাঠের লড়াইয়ের আগেই শুরু হয়ে গেছে সুরের লড়াই। আর সেই বৈশ্বিক মঞ্চ মাতাতে এবার হাজির হলেন বলিউডের নৃত্যসাম্রাজ্ঞী নোরা ফাতেহি এবং বাংলাদেশি বংশোদ্ভূত আন্তর্জাতিক ডিজে ও সংগীত প্রযোজক সানজয় দেব। গত ৯ জুন (মঙ্গলবার) ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। মুক্তির মাত্র এক দিনেই ইউটিউবে গানটি ৩ কোটির (৩০ মিলিয়ন) বেশি ভিউ অতিক্রম করে নতুন রেকর্ড গড়ার দিকে এগিয়ে যাচ্ছে।
৩ মিনিট ২৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই হাই-এনার্জি ট্র্যাকটি ফিফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি নোরা ফাতেহি ও সানজয়ের নিজস্ব চ্যানেলেও প্রকাশ করা হয়েছে।
ফুটবল বিশ্বকাপের চেনা আবহ, আন্তর্জাতিক সংগীতের আধুনিক ছন্দ এবং নোরা ফাতেহির প্রাণবন্ত ও নিখুঁত নৃত্যশৈলীর মিশেলে তৈরি ‘সির সির’ গানটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের বৈশ্বিক ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে। গানটির কোরিওগ্রাফি এবং ভিজ্যুয়াল উপস্থাপনায় এক চমৎকার আন্তর্জাতিক উৎসবের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। নোরা ফাতেহির জমকালো পারফরম্যান্সের পাশাপাশি পুরো গানের রিদম, বিট এবং মিউজিক প্রোডাকশনে বাজিমাত করেছেন সানজয়।
বাংলাদেশে জন্ম নেওয়া সানজয় বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজে এবং ইডিএম (ইলেকট্রনিক ড্যান্স মিউজিক) প্রযোজক হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার পাশাপাশি তিনি বলিউড ও বৈশ্বিক সংগীত জগতে ইতিমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। এর আগে অরিজিৎ সিং, গুরু রন্ধাওয়া ও সুনিধি চৌহানের মতো শীর্ষ তারকাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
তবে এবার বিশ্বকাপের অফিশিয়াল মিউজিক অ্যালবামে জায়গা পাওয়া সানজয়ের ক্যারিয়ারের পাশাপাশি বাংলাদেশের সংগীতাঙ্গনের জন্যও এক ঐতিহাসিক অর্জন। উল্লেখ্য, এই একই অফিশিয়াল অ্যালবামে শাকিরা, দ্য রোলিং স্টোনস, ড্যাডি ইয়াঙ্কি, বার্না বয় এবং রেমার মতো বিশ্বখ্যাত কিংবদন্তি ও পপ তারকারা যুক্ত আছেন। গানে নোরা ও সানজয়ের সাথে যুক্ত হয়েছেন আমেরিকান সংগীতশিল্পী ভেজড্রিম-ও।
চলতি বিশ্বকাপের অন্যতম আলোচিত গান পপ কুইন শাকিরার ‘দাই দাই’ দুই সপ্তাহে ইউটিউবে ১০৮ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। তবে সেই তুলনায় নোরা ফাতেহি ও সানজয়ের ‘সির সির’ মাত্র ২৪ ঘণ্টায় ৩০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করায় আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নতুন সেনসেশনের ইঙ্গিত দিচ্ছে। সংগীতবোদ্ধাদের ধারণা, যেভাবে গানটির ভিউ বাড়ছে, তাতে খুব দ্রুতই এটি চলতি বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় গান হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।