নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গঠনকে কেন্দ্র করে জেলা কমান্ডের আহ্বায়ক আব্দুল খালেক মন্ডলকে ফোন করে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ফোনকলের রেকর্ডিং ভাইরাল হয়।
অডিও রেকর্ডিং’য়ে শোনা যায়, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল খালেক মন্ডলকে ফোন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলতে থাকেন ‘খামোশ, খামোশ,পিঠের চামড়া তুলে নেবো আমার রাজনীতি শেষ করতে চাও’।
ভুয়াপুর, সখিপুরসহ টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় এ ঘটনায় মুক্তিযোদ্ধারা প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন।
সখিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ বলেন, উনার হুমকিকে আমরা ভয় পাইনা। উনার মনোনয়ন আমরা বাতিল চাই।
টাঙ্গাইল মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব শেখ হাবিব বলেন, আমরা মর্মাহত, আমরা চাই এ ঘটনার বিচার চাই।
আহমেদ আযম খান বলেন, এআই দিয়ে এ অডিও ভাইরাল করা হয়েছে। এখানে তিনি সুখিপুর, ভুয়াপুরে প্রতিপক্ষকে নির্বাচনে সুবিধা দিতে খালেক সাহেব এ কথা বলেছেন।
তবে এআই দিয়ে এ অডিও তৈরি নয়, বরং আহমেদ আযম খান হুমকি দিয়েছেন বলে মন্তব্য করেছেন জেলা কমান্ডার আব্দুল খালেক মন্ডল।
তিনি বলেন, আমি ৭৩ বছর বয়সে এ ধরণের ঘটনার মুখোমুখি হয়নি। আমি কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডকে জানিয়েছি, আমি এ ঘটনায় আইনগত পদক্ষেপ নিবো।