ইউরো-বাংলা ডেস্ক
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকার বাসভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ালেও রাজধানীতে অল্প দূরত্বে যাত্রীদের কাছ থেকে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বৈঠকে নতুন ভাড়া নির্ধারণ করা হয়। এতে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা এবং দূরপাল্লায় ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ১০ টাকাই রাখা হয়েছে।
তবে বাস্তবে এই হার মানা হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের। সরেজমিনে দেখা গেছে, অনেক বাসেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করা হচ্ছে, বিশেষ করে স্বল্প দূরত্বে।
মিরপুর থেকে কারওয়ান বাজারগামী এক যাত্রী জানান, আগে যেখানে ২০ টাকা ভাড়া ছিল, এখন সেখানে ৩০ টাকা নেওয়া হচ্ছে। একইভাবে ৪০ টাকার ভাড়া ৫০ টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।
গাবতলী-যাত্রাবাড়ী রুটের যাত্রী মাহবুব আলম বলেন, “সরকার যে হারে ভাড়া বাড়িয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি নেওয়া হচ্ছে। অল্প দূরত্বে ১০-১৫ টাকা বাড়তি দিতে হচ্ছে।”
সাভার-নতুন বাজার রুটেও ৬০ টাকার ভাড়া ৭৫ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
অন্যদিকে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির দাম বৃদ্ধি, যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়ায় নির্ধারিত ভাড়ায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে।
তবে সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় সম্পূর্ণ অবৈধ। এ পরিস্থিতিতে ভাড়া বাস্তবায়নে তদারকি জোরদার এবং অতিরিক্ত আদায় বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রীরা।