সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ঘোষণা দিয়েও আর্চারদের পুরস্কার দেননি উপদেষ্টা

দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশের আর্চারির সঙ্গে মিশে আছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। নিভৃতে কাজ করে যাওয়া এই অভিজ্ঞ কোচ সম্প্রতি এক আলাপচারিতায় দেশের আর্চারির

দীর্ঘ আট বছর ধরে বাংলাদেশের আর্চারির সঙ্গে মিশে আছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। নিভৃতে কাজ করে যাওয়া এই অভিজ্ঞ কোচ সম্প্রতি এক আলাপচারিতায় দেশের আর্চারির সম্ভাবনা, সংকট এবং প্রশাসনিক উদাসীনতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে, সাবেক ক্রীড়া উপদেষ্টার ঘোষিত পুরস্কার না পাওয়ায় আর্চারদের মধ্যে তৈরি হওয়া হতাশা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

মার্টিন ফ্রেডরিখ জানান, গত বছরের নভেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সাফল্য অর্জনকারী আর্চারদের ১০ লাখ টাকা করে বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কম্পাউন্ড মিশ্র দ্বৈতে রুপাজয়ী হিমু ও বন্যা এবং ব্রোঞ্জজয়ী কুলসুম আজও সেই অর্থ পাননি। ফ্রেডরিখ আক্ষেপ করে বলেন, “ক্রীড়া উপদেষ্টার ঘোষণা দিয়েও পুরস্কার না দেওয়া খুব খারাপ দৃষ্টান্ত হয়ে থাকছে। এতে ছেলেমেয়েদের মধ্যে হতাশা চলে আসতে পারে।”

রোমান সানা, দিয়া সিদ্দিকী ও রুবেলের মতো তারকা আর্চাররা দেশ ছেড়েছেন। বিষয়টিকে ‘তিল্ত অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করলেও মার্টিন ফ্রেডরিখ এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছেন। তিনি জানান, আলিফ গত বছর এশিয়া কাপ জিতেছে এবং রিকার্ভ পুরুষ দল নতুন জাতীয় রেকর্ড গড়েছে। রুবেল ২০২৪ সালের বিশ্বকাপে দুবার শীর্ষ দশে থাকলেও তার চলে যাওয়াকে এখন পেছনে ফেলে নতুনদের নিয়ে এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন দেখছেন কোচ।

বাংলাদেশের আর্চারির সামগ্রিক কাঠামো নিয়ে জার্মান এই কোচ মোটেও খুশি নন। তার মতে, শুধু বিকেএসপির ওপর নির্ভরতা যথেষ্ট নয়। আঞ্চলিক ক্লাব এবং সেনাবাহিনী, আনসার ও বিমানবাহিনীর মতো সংস্থাগুলোর নিজস্ব পাইপলাইন থাকা জরুরি। খেলোয়াড়দের জন্য স্পোর্টস কার্ডের ব্যবস্থা থাকলেও যারা খেলোয়াড় গড়েন, সেই কোচদের জন্য কোনো কার্ড বা বিশেষ সুযোগ নেই। লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে কম্পাউন্ড ইভেন্ট অন্তর্ভুক্ত হলেও বাংলাদেশে বর্তমানে এই ইভেন্টের জন্য আলাদা কোনো বিদেশি কোচ নেই।

পেশাদার কাঠামোর অভাব এবং অভ্যন্তরীণ প্রতিযোগিতার ঘাটতি সত্ত্বেও আসন্ন এশিয়ান গেমসে অন্তত একটি পদক জয়কেই মূল লক্ষ্য হিসেবে দেখছেন ফ্রেডরিখ। তিনি বিশ্বাস করেন, অর্জনের ভিত্তিতে খেলোয়াড়দের জন্য নিয়মিত বোনাস বা আর্থিক পুরস্কারের ব্যবস্থা থাকলে সাফল্যের হার আরও বৃদ্ধি পাবে।

মার্টিন ফ্রেডরিখ বলেন, আমি এ দেশের আর্চারদের মায়ায় জড়িয়ে গেছি। আমাদের তরুণ দলের দারুণ সম্ভাবনা আছে, তবে তাদের সঠিক পরিচর্যা এবং দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা প্রশাসনের দায়িত্ব।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন