সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আইসিটি টাওয়ারে শিলা আহমেদ ও রেহানার ‘গোপন’ বৈঠক

সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহানার মধ্যে এক আকস্মিক ও অনির্ধারিত বৈঠক নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে

সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা রেহানার মধ্যে এক আকস্মিক ও অনির্ধারিত বৈঠক নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মে) দুপুরে আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকটি কোনো পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ ছিল না বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রমতে, শিলা আহমেদ নিজেকে মার্কিন দূতাবাসের ‘প্রটোকল অফিসার’ হিসেবে পরিচয় দিয়ে আইসিটি টাওয়ারে প্রবেশ করেন এবং উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন।

শিলা আহমেদের সঙ্গে একজন মার্কিন নাগরিক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের এক কর্মকর্তাও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শীদের দাবি, বৈঠকের সময় শিলা আহমেদ বারবার নিশ্চিত হতে চেয়েছিলেন যে সেখানে কোনো সাংবাদিক উপস্থিত আছেন কি না। এই লুকোচুরির বিষয়টি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সাংবাদিক জাওয়াদ নির্ঝর সামাজিক যোগাযোগমাধ্যমে এই বৈঠকের একটি ভিডিও ফাঁস করার পরই বিষয়টি প্রকাশ্যে আসে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়।

একজন সাবেক আইন উপদেষ্টার স্ত্রীর সরাসরি আইসিটি টাওয়ারে গিয়ে উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে এই ধরনের ‘অপ্রত্যাশিত’ বৈঠক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন তবে কি শিলা আহমেদ বর্তমান সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে কোনো বিশেষ দূতিয়ালি করছেন? কেনই বা তিনি নিজেকে মার্কিন দূতাবাসের পরিচয় দিয়ে সরাসরি আইসিটি উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলেন, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

এখন পর্যন্ত আইসিটি উপদেষ্টার কার্যালয় কিংবা শিলা আহমেদের পক্ষ থেকে এই বৈঠকের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়নি। এমনকি মার্কিন দূতাবাসও শিলা আহমেদের পরিচয় বা এই বৈঠকে তাদের কর্মকর্তাদের উপস্থিতির বিষয়ে মুখ খোলেনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের উচ্চপর্যায়ের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের এই ‘গোপন’ আলোচনা পর্দার আড়ালে নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে বিশেষজ্ঞ মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন