ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনির্বাচিত জাতীয় সভাপতি নিতিন নবীনের কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৫ মে) রাতে দিল্লিতে বিজেপির আন্তর্জাতিক শাখার প্রধান বিজয় চোথাউওয়ালের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়।
দিল্লি সফররত বিএনপির প্রতিনিধি ও তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই চিঠিটি পৌঁছে দেন। বুধবার দুপুরে বিজয় চোথাউওয়ালে তার ভেরিফাইড এক্স হ্যান্ডেলে এই সাক্ষাতের ছবি ও তথ্য প্রকাশ করেন। তিনি জানান, বিএনপি নেতা হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের উদ্দেশ্যে লেখা তারেক রহমানের একটি চিঠি আমার কাছে হস্তান্তর করেন।
বৈঠককালে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য শাখার প্রভাবশালী নেতা এবং আন্তর্জাতিক বিভাগের সদস্য শিশির বাজুরিয়াও উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে অবস্থান করছেন। তবে সফরের মাঝেই বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে এই রুদ্ধদ্বার বৈঠক এবং সরাসরি তারেক রহমানের চিঠি প্রদান রাজনৈতিক বিশ্লেষকদের বিশেষভাবে নজর কেড়েছে।
বিএনপির এই পদক্ষেপ নিয়ে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগপন্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছে।