সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

কৃষকবান্ধব উদ্যোগ, উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ছাত্রদলের শুভেচ্ছায় ব্যস্ত দিন কাটালেন প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার দিনব্যাপী যশোরে একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। সকালে সরকারি সফরে যশোরে এসে তিনি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত শুক্রবার দিনব্যাপী যশোরে একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। সকালে সরকারি সফরে যশোরে এসে তিনি বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, নগরীর ২৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন এবং জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণসহ নানা কর্মসূচিতে অংশ নেন। দিনজুড়ে কৃষি, উন্নয়ন ও সংগঠনকে ঘিরে তার বক্তব্য ও কার্যক্রম ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

শুক্রবার সকালে যশোরে অভ্যন্তরীণ বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ যৌথভাবে সরকারি খাদ্য গুদামে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ধান সংগ্রহের কর্মসূচিতে যে মূল্য নির্ধারণ করা হয়েছে, এমন ভালো দাম সচরাচর সরকার আগে কখনো দেয়নি। এই মূল্য নির্ধারণের ফলে কৃষক তার উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে। অপরদিকে খাদ্য অধিদপ্তরও তার প্রয়োজন অনুযায়ী ধান ও চাল সংগ্রহ করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, অতীতে ধান সংগ্রহের সময় কৃষকদের নানা ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। বর্তমান সরকারের সময় কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

কৃষি খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, দেশের কৃষি ক্ষেত্রে যে অগ্রযাত্রা, তার সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি খাল খনন কর্মসূচি, উন্নতমানের সার-বীজ ও কৃষিযন্ত্র আমদানির মাধ্যমে দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। ফলে এক ফসলি জমি দুই ফসলি এবং দুই ফসলি জমি তিন ফসলিতে পরিণত হয়েছিল। কৃষিকে আমদানিনির্ভরতা থেকে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে নেওয়া হয়েছিল।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের মাধ্যমে বোরো সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি সেখানে একটি বৃক্ষরোপণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে দুপুরে প্রতিমন্ত্রী যশোর শহরের পাঁচ ও সাত নম্বর ওয়ার্ডে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পৃথক সড়ক উন্নয়ন, ড্রেন নির্মাণ এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি উন্নয়ন কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী মোকলেছুর রহমান জানান, পাঁচ নম্বর ওয়ার্ডের চোরমারা দীঘি উত্তরপাড় থেকে হাজামপাড়া মোড় পর্যন্ত সড়কের উন্নয়ন ও ড্রেন নির্মাণ করা হবে। এছাড়া সাত নম্বর ওয়ার্ডের চোপদারপাড়া, পিয়ারিমোহন সড়ক ও সংলগ্ন এলাকায় সড়ক উন্নয়ন ও ড্রেন নির্মাণ করা হবে। এসব এলাকায় প্রায় তিন কিলোমিটার স্ট্রিট লাইট স্থাপন করা হবে। আগামী বছরের জুন মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

দিনের শেষভাগে যশোর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলেল শুভেচ্ছা জানান। যশোর শহরের লাল দিঘির পাড়ে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদল যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়। নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান বাপ্পি এবং সদস্য সচিব হয়েছেন শাহ নেওয়াজ ইমরান। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বেনজির বিশ্বাসকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন ও মাসুদ কায়সার ইস্তি।

নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেন, তাদের নেতৃত্বে যশোরে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন