তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে এ বছরের হজের আনুষ্ঠানিকতা। শুক্রবার (২৯ মে) হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এদিন রাতেই সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে প্রথম ফিরতি হজ ফ্লাইট। আগামী ১ জুলাই পর্যন্ত হাজিদের এই ফিরতি ফ্লাইট চলবে।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। সৌদিয়া এয়ারলাইন্সের ‘এসভি-৫৮০৬’ ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছে হাজীদের দেশে ফেরার এই আনুষ্ঠানিক যাত্রা। ফিরতি যাত্রার প্রথম দিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজি দেশে ফিরছেন।
উল্লেখ্য, এবার গত ১৭ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি গত ২১ মে সৌদি আরবে পৌঁছায়।
ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ সুচারুভাবে সম্পন্ন করা হয়েছিল। একই সঙ্গে হজযাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন ও মসৃণ করতে এয়ারলাইন্সগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো ধরনের শিডিউল বা সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী যথাসময়ে সৌদিতে পৌঁছাতে সক্ষম হন।