ইউরো বাংলা ডেস্ক
ভোক্তাপর্যায়ে দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। জুন মাসের জন্য স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের আওতায় পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বৃদ্ধি করেছে সরকার। তবে অপরিবর্তিত রয়েছে ডিজেলের দাম।
রবিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই নির্ধারিত মূল্য আজ সোমবার (১ জুন) থেকে দেশব্যাপী কার্যকর হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস ও বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকায় পুনর্নির্ধারণ করা হলো।
এর আগে, গত ১৮ এপ্রিল দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল সরকার। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। দেড় মাসের মাথায় এসে ডিজেল বাদে বাকি তিন ধরনের তেলের দাম লিটারে আরও ৫ টাকা করে বাড়ল।