শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী হিসেবে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরের নাম অন্তর্ভুক্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন হাদির বোন মাসুমা হাদি। তিনি অভিযোগ করেছেন, মামলার বাদীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে মাসুমা হাদি ঘটনার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ভাই গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান এবং পুরো সময় সেখানেই অবস্থান করেন। এ অবস্থায় প্রশাসন কেন আব্দুল্লাহ আল জাবেরের কাছ থেকে মামলার কাগজে স্বাক্ষর নিল এবং পরিবারের সদস্যদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হলো না সে প্রশ্ন তোলেন তিনি।
মাসুমা হাদি জানান, বিষয়টি নিয়ে তিনি একাধিকবার জানতে চাইলে তাকে বলা হয়, ওসমান হাদির ভাই ওমর ফারুক তখন চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় মামলার বিষয়টি পরে দেখার কথা জানিয়েছিলেন।
তিনি বলেন, জাবের যদি আমার এলাকার ছেলে না হতো, তাহলে হয়তো এ প্রশ্ন উঠত না। কিন্তু পরিবারের সঙ্গে আলোচনা না করে কীভাবে তিনি মামলার বাদী হলেন, সেটি পরিষ্কার হওয়া প্রয়োজন।
স্ট্যাটাসে ভাইয়ের চিকিৎসা প্রসঙ্গও তুলে ধরেন মাসুমা হাদি। তিনি দাবি করেন, গুলিবিদ্ধ হওয়ার পর ওমর ফারুক ব্যক্তিগত উদ্যোগে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে চেষ্টা করেন এবং প্রথমে সিঙ্গাপুর, পরে থাইল্যান্ডে চিকিৎসার জন্য যোগাযোগ করেন। পরবর্তীতে সরকারের উদ্যোগে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
মাসুমা হাদি বলেন, ভাইকে হারানোর শোক নিয়েই এতদিন নীরব ছিলাম। কিন্তু পরিবারকে ঘিরে সামাজিক মাধ্যমে যেভাবে মিথ্যাচার করা হচ্ছে, সে কারণে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন মনে করেছি।
তিনি আরও বলেন, একজন বিপ্লবীকে সম্মান করতে হলে তার পরিবার সম্পর্কেও দায়িত্বশীল আচরণ করা উচিত এবং কোনো তথ্য যাচাই ছাড়া অসম্মানজনক মন্তব্য করা উচিত নয়।