সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদ-এর দেওয়া বক্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয়

সীমান্তে ভারতীয় বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদ-এর দেওয়া বক্তব্যকে ‘অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-র আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (৬ জুন) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্য শোনা জাতির জন্য লজ্জাজনক। তিনি অভিযোগ করেন, তিনদিন পার হলেও স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য প্রত্যাহার করেননি এবং সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো নিন্দা জানানো হয়নি।

সম্প্রতি সীমান্ত হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমদ বলেন, আপনারা যেটাকে বর্ডার কিলিং বলছেন, সে সম্পর্কে যদি বিস্তারিত জানেন, তাহলে খুশি হবো। বর্ডার কিলিং হচ্ছে যদি অন্য দেশের বাহিনী কর্তৃক আমাদের সীমান্তে অথবা জিরো লাইনে এসে কিলিং করা হয়, সেটাকে আমরা বর্ডার কিলিং বলতে পারি। কিন্তু যদি আমাদের সীমানার অভ্যন্তরে কিংবা তাদের সীমানার অভ্যন্তরে কোনো অপরাধে কেউ জড়িত থাকে, অথবা কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে, তাহলে সেটি তারা তাদের নিজস্ব আইন অনুযায়ী মোকাবিলা করবে। এটাকে বর্ডার কিলিং বলা ঠিক হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, এই অবস্থান আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক চুক্তির সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেন, অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো অপরাধের অভিযোগ থাকলেও প্রাণঘাতী শক্তি প্রয়োগের বৈধতা আন্তর্জাতিক নীতিমালায় নেই।

নাহিদ ইসলাম আরও বলেন, অতীতেও সীমান্ত হত্যা নিয়ে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি অভিযোগ করেন, সীমান্ত হত্যা প্রশ্নে সরকারের এমন অবস্থান জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে।

বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং সীমান্ত হত্যা বিষয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান জানানোর দাবি জানান।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন