সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপি নেতার নেতৃত্বে জনগণের সড়ক অবরোধ; বিল বর্জনের হুঁশিয়ারি

গাজীপুরের শ্রীপুরে তীব্র দাবদাহের মধ্যে অতিষ্ঠ ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বিএনপি নেতা। গতকাল

গাজীপুরের শ্রীপুরে তীব্র দাবদাহের মধ্যে অতিষ্ঠ ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের প্রতিবাদে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বিএনপি নেতা।

গতকাল সোমবার উপজেলার বর্মি এলাকায় এই তীব্র প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।বিক্ষোভকারীদের অভিযোগ, তীব্র গরমে এলাকাটিতে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলায় জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা এই অসহনীয় গরমে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন।

আন্দোলনকারীরা জানান, যাদের ঘরে আইপিএস কিংবা এসি-র মতো বিকল্প ব্যবস্থা নেই, তাদের পক্ষে ঘরে অবস্থান করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। একই সাথে বিঘ্নিত হচ্ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়ালেখা।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির। তিনি বিদ্যুৎ বিভাগের চরম অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে স্থানীয় আঞ্চলিক বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি কড়া আলটিমেটাম দেন।

সমাবেশে বক্তব্য প্রদানকালে শাহজাহান ফকির বলেন, গামী তিন দিনের মধ্যে শ্রীপুর ও বর্মি এলাকার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। যদি তিন দিনের মধ্যে এই সমস্যার স্থায়ী সমাধান না হয়, তবে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমরা সম্পূর্ণ বিদ্যুৎ বিল বর্জন করব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ অফিসকে কোনো প্রকার বিল প্রদান করা হবে না।

আন্দোলনরত সাধারণ মানুষ বিএনপি নেতার এই আলটিমেটামকে সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিতের দাবি জানান। সড়ক অবরোধের কারণে কিছু সময়ের জন্য স্থানীয় যানচলাচল ব্যাহত হলেও পরবর্তীতে কর্তৃপক্ষের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে তিন দিনের আলটিমেটাম শেষ হওয়ার পর বিদ্যুৎ পরিস্থিতি কেমন থাকে, তার ওপরই নির্ভর করছে পরবর্তী পদক্ষেপ এমনটাই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন