ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারও সর্বসম্মতিক্রমে আমির নির্বাচিত হয়েছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান।
শনিবার (২৭ জুন) বিকেলে রাজধানীর বিজয়নগরের একটি অভিজাত হোটেলে দলের মজলিশে শূরার বিশেষ অধিবেশন শেষে আমিরে শরীয়ত মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন। শূরার অধিবেশনে গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনাসহ বর্তমান রাজনৈতিক কৌশল ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ঘোষিত ৫৪ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে শীর্ষস্থানীয় অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, মাওলানা আব্দুল আউয়াল ও মাওলানা আব্দুল হক আজাদ। যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন। সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহা. আবুল খায়ের, মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।
এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি), মাওলানা লোকমান হোসেন জাফরী, আলহাজ হারুন অর রশীদ, হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, শেখ আবু তাহের, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, আলহাজ আব্দুর রহমান, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, প্রফেসর ড. বেলাল নূর আজীজি, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, শেখ মুহাম্মদ নুরুন নাবী, হাফেজ মাওলনা মাহমুদুল হাসান, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কে এম শরীয়তুল্লাহ, অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, মুফতি মানসুর আহমাদ সাকী, আলহাজ মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি রেজাউল করীম আববার, মুফতি শামসুদ্দোহা্আশরাফী, আলহাজ মুহাম্মদ আল ইকবাল, আলহাজ মুহাম্মদ সেলিম মাহমুদ, প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কে এম বেলাল হোসাইন, মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুজ জলিল, মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), ইঞ্জিনিয়ার শেখ মারুফ এবং এম এম কামাল হোসাইন (ভোলা)।
অধিবেশনে সভাপতির বক্তব্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো গতানুগতিক রাজনৈতিক সংগঠন নয়, বরং শরিয়ার পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই আমাদের প্রধান লক্ষ্য। আমরা সর্বদা শরিয়া ও ইসলামকে প্রাধান্য দিয়েই আমাদের রাজনৈতিক কৌশল নির্ধারণ করি। এই পথে চলার ক্ষেত্রে বাহ্যিক যেকোনো চড়াই-উৎরাই আমরা মেনে নিতে প্রস্তুত।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, অতীত ও বর্তমান সময় থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং সেজন্য দলকে তৃণমূল পর্যায়ে আরো সুসংহত করতে হবে। আগামীর রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা অর্জনের তাগিদ দিয়ে তিনি আরও বলেন, জাতির প্রত্যাশা পূরণে দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতা ইসলামী আন্দোলনের ওপর দেশ ও জনগণের দায়িত্ব আরও বাড়িয়ে দিচ্ছে।