জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, হাসানুল হক ইনু ছিলেন শেখ হাসিনার অন্যতম সহযোগী। তার ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তি হওয়া উচিত বলে তিনি প্রত্যাশা করেন।
বুধবার (১ জুলাই) দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ধীরগতিতে এগোচ্ছে। এই প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। এছাড়া শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে ঘোষিত ফাঁসির রায় কার্যকরের আহ্বান জানান।
তিনি বলেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। অন্যথায় জনগণ নিজেরাই জাদুঘরে প্রবেশ করবে বলে মন্তব্য করেন।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর সংস্কারও করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনও কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তবে সরকার শিগগিরই এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় কবর জিয়ারতে এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এমপি, উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন, আকরাম হুসাইন, আলী আহসান জুনায়েদসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।