সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

বরিশালে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আ. লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের হাত থেকে হাতকড়া (হ্যান্ডকাফ) পরা অবস্থায় এক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে

বরিশালের মুলাদী উপজেলায় পুলিশের হাত থেকে হাতকড়া (হ্যান্ডকাফ) পরা অবস্থায় এক আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার (১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজারে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক একটি মামলা দায়ের করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিলেন আওয়ামী লীগ কর্মী রাসেদুল ইসলাম সেতু ভুইয়া। বুধবার বিকেলে রামারপুল বাজার থেকে তাকে গ্রেপ্তার করে মুলাদী থানা পুলিশ।

গ্রেপ্তারের পরপরই একদল স্থানীয় ব্যক্তি পুলিশকে চারপাশ থেকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা পুলিশের ওপর চড়াও হয়ে হাতকড়া পরা অবস্থাতেই আসামি সেতু ভুইয়াকে ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, আসামি ছিনতাইয়ের পর হাতকড়া উদ্ধারে স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হাতকড়া খুলে সেটি ফেরত দেওয়া হয়। তবে পুলিশের দাবি, ঘটনার পরপরই তারা ব্যবহৃত হাতকড়াটি উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খন্দকার সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি নতুন মামলা দায়ের করেছেন।

তিনি আরও জানান, ছিনতাই হওয়া আসামি সেতু ভুইয়াসহ এই ঘটনার সাথে জড়িত বাকি অভিযুক্তদের পুনরায় গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন