প্রখ্যাত লেখক, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হককে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে গতকাল রবিবার দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাকে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ সকালে প্রথমে বাংলা একাডেমিতে আবুল কাসেম ফজলুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে তার দীর্ঘদিনের সহকর্মী, শিক্ষার্থী, লেখক, সাহিত্যিক ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
বাংলা একাডেমি প্রাঙ্গণ থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেই দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এই বরেণ্য বুদ্ধিজীবীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শহীদ মিনার থেকে মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী মরদেহ ‘অপরাজেয় বাংলা’র পাদদেশে নেওয়ার কথা থাকলেও প্রচণ্ড বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। পরে দুপুর সাড়ে ১২টার দিকে কলা অনুষদের মূল ফটকে তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন বিভাগ ও শিক্ষকদের সংগঠন।
এরপর দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে অ্যাম্বুল্যান্সযোগে তার মরদেহ দাফনের জন্য মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যাওয়া হয় এবং বিকেল সোয়া ৩টায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।