সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীদের বিশাল মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাম বিগ্রহ নির্মাণের অন্যতম প্রধান উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সনাতন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাম বিগ্রহ নির্মাণের অন্যতম প্রধান উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাঁর অবিলম্বে মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার বিকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। মন্দির ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের ভক্তরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীশ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র দাস, ভক্ত রামু চন্দ্র দাস, কৈলাশ চন্দ্র দাস, মনোরঞ্জন দাস ও সঞ্জয় দাস।

বক্তারা হরিদাস চন্দ্রের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, হরিদাস চন্দ্রকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাঁর কঠোর শ্রম ও মেধায় এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। জনকল্যাণমূলক কাজের জন্য পরিচিত এমন একজন ব্যক্তিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করায় তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে অবিলম্বে প্রশাসনের কাছে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সরকারের সুদৃষ্টি কামনা করেন।

উল্লেখ্য, গত রবিবার সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের একটি মামলার প্রেক্ষিতে ওই রাতেই মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা-গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে রয়েছেন। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এই গ্রেপ্তারকে অন্যায় আখ্যা দিয়ে তাঁর দ্রুত মুক্তি ও সুনির্দিষ্ট তদন্তের দাবি জানিয়েছেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন