সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

ত্রাণ বিতরণের সময় অর্থমন্ত্রী আমির খসরুসহ নেতাদের নিয়ে মঞ্চ ভেঙে পড়ল

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ভেঙে পড়েছে অনুষ্ঠানের

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে ভেঙে পড়েছে অনুষ্ঠানের মঞ্চ। অতিরিক্ত মানুষ ওঠার কারণে শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের উদ্যোগে দোহাজারিতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় নেতাকর্মীরা মঞ্চে ভিড় জমান। মাইকে বারবার তাদের মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হলেও কেউ নামেননি।

পরবর্তীতে অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁর সঙ্গে আরও কিছু নেতাকর্মী একযোগে মঞ্চে উঠে পড়েন। এর কয়েক মিনিটের মাথায় অতিরিক্ত ভার সইতে না পেরে মঞ্চটি হুড়মুড় করে ভেঙে পড়ে। এ সময় মঞ্চে অর্থমন্ত্রী ছাড়াও চট্টগ্রামের মেয়র শাহাদাত হোসেনসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। দুর্ঘটনার পর ভাঙা মঞ্চে দাঁড়িয়েই অতিথিরা বেশ কয়েকজন বন্যার্তের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন এবং পরবর্তীতে স্থান ত্যাগ করেন।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মানুষ বেশি হওয়ায় স্টেজ একটু নিচে নেমে গিয়েছিল। তবে সেখানে বড় কোনো সমস্যা হয়নি। ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবেই সম্পন্ন হয়েছে।

দোহাজারির কর্মসূচি শেষে অর্থমন্ত্রী ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা পরবর্তী ত্রাণ বিতরণের উদ্দেশ্যে সাতকানিয়ার দিকে রওনা হন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন