ভারতের তরুণদের আলোচিত ‘ককরোচ মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে সংগঠনটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর সংগঠনের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশও।
সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আন্দোলনের পক্ষ থেকে বিষয়টি স্পষ্ট করা হয়। তারা জানায়, অভিজিৎ দীপক বর্তমানে পুলিশি হেফাজতে বা গ্রেপ্তার অবস্থায় নেই।
এর আগে একই সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, দিল্লি পুলিশ অভিজিৎ দীপককে তুলে নিয়ে গেছে। তবে পরবর্তীতে অবস্থান সংশোধন করে তারা আগের তথ্যের ভুল স্বীকার করে এবং নতুন বিবৃতি জারি করে।
সূত্রে জানা যায়, আগের দাবির ভিত্তিতে গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়েও পরবর্তীতে সংশোধনী আনা হয়েছে।
উল্লেখ্য, মেডিক্যালের জাতীয় ভর্তি পরীক্ষা ‘নিট’ -এর প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে ভারতে শিক্ষার্থীদের এই ‘ককরোচ মুভমেন্ট’ ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার আন্দোলনকারীরা দিল্লির যন্তর মন্তর থেকে ‘চলো সংসদ’ কর্মসূচির আয়োজন করলে রাজধানীর মূল এলাকাগুলোতে তীব্র উত্তেজনা তৈরি হয়।