সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়, বরং এটি বাস্তব ভিডিও বলে দাবি করেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার।
সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দেয়।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর বিভিন্ন অংশে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে দেখা যায়। কোনো অংশে তিনি মোবাইল ফোনে কথা বলছেন, আবার কোনো অংশে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেলের পরিচালিত প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও।
তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি এআই নয় বরং ভিডিওটি আসল। বরং ভিডিওটি ধামাচাপা দিতে বিভিন্ন এআই ভিডিও প্রচার করা হচ্ছে জামায়াত সমর্থিত ফেসবুক আইডি ও পেজ থেকে।
এদিকে, ভিডিওটি নিয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে কথা বলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, ভিডিওটি তাঁদের নজরে এসেছে। গাজী নজরুল ইসলাম তাঁদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
দ্বিতীয় বিয়ে কবে হয়েছে—এমন প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, তিনি সুনির্দিষ্ট তারিখ জানেন না। তবে তাঁদের জানা মতে, বিয়েটি বেশ কিছুদিন আগেই হয়েছে।