সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ার ঘটনায় সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যম। বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহের পর দলটির সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে দলের এ অবস্থানের কথা জানান।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “অতি সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবরগুলো প্রকাশিত হচ্ছে, সেগুলোর দিকে জামায়াতে ইসলামী গুরুত্বের সঙ্গে নজর রাখছে।”
তিনি আরও উল্লেখ করেন, বিতর্কটি সামনে আসার পর এ নিয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য ছাড়াও তার প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব বিষয় পর্যালোচনা করা হচ্ছে।
জামায়াতের এই শীর্ষ নেতা স্পষ্ট করেন যে, পুরো ঘটনার আরও গভীর খোঁজখবর নিয়ে বাস্তব তথ্য-উপাত্ত সগ্রহের কাজ চলছে। তদন্ত ও তথ্য যাচাইয়ের পর দলের নিজস্ব নিয়ম ও শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।