সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও দুর্নীতির অভিযোগ সাবেক পিএসের

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, দুর্নীতি ও জমি দখলের বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে হত্যাচেষ্টা, দুর্নীতি ও জমি দখলের বিস্ফোরক অভিযোগ তুলেছেন ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি। নিজেকে এমপির সাবেক গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী (পিএস) দাবি করে ওই ব্যক্তি নিজের জীবনের নিরাপত্তা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর একটি লিখিত আবেদন জানিয়েছেন।

সোমবার (২০ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া ওই আবেদনপত্রে ওবায়দুর রহমান অভিযোগ করেন, গত ১৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্লবী থানার উত্তর কালশী এলাকার ‘রোজ গার্ডেন টাওয়ার-২’-এর একটি ফ্ল্যাটে তাঁর ওপর মারাত্মক হামলা চালানো হয়। আমিন, মাসুম বিল্লাহ ও মোস্তাসিম বিল্লাহ নামে তিন ব্যক্তি লাঠিসোঁটা নিয়ে তাঁকে পিটিয়ে হত্যার চেষ্টা চালায়। সে সময় তাঁর চিৎকার শুনে পাশে থাকা মা ও ছোট বোন এসে তাঁকে উদ্ধার করেন।

অভিযোগে বলা হয়, হামলার পর ওবায়দুর রহমান কুর্মিটোলা জেনারেল হাসপাতালে জরুরি চিকিৎসা নেন। বর্তমানে তিনি চরম প্রাণনাশের আশঙ্কায় আত্মগোপনে রয়েছেন বলে দাবি করেছেন।

ওবায়দুর রহমানের দাবি, দীর্ঘদিন এমপি গাজী নজরুলের পিএস ও ড্রাইভার থাকার সুবাদে তিনি তাঁর বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড, দুর্নীতি ও অপকর্ম সম্পর্কে অবগত ছিলেন। এসব তথ্য জানার কারণেই তাঁকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। তবে লিখিত আবেদনে উল্লিখিত অভিযোগগুলোর সপক্ষে কোনো স্বতন্ত্র বা স্বাধীন প্রমাণ যুক্ত করা হয়নি।

এই গুরুতর অভিযোগগুলোর বিষয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কিংবা তাঁর কোনো প্রতিনিধির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আবেদনটিতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিজের সুরক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।

উল্লেখ্য, একই দিন থেকে এক তরুণীর সঙ্গে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ মুহূর্তের সিসিটিভি ফুটেজ ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে বিতর্কের মুখে পরে ওই তরুণীকে নিজের ‘দ্বিতীয় স্ত্রী’ বলে দাবি করেন এই সংসদ সদস্য।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন