২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ ‘রাজনৈতিকভাবে প্রভাবিত’ ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বিশ্বকাপ থেকে বঞ্চিত হওয়াকে দেশের ক্রিকেটারদের জন্য চরম হতাশাজনক হিসেবে অভিহিত করলেও, ভারতের বিপক্ষে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে বাংলাদেশ দল রোমাঞ্চিত বলে জানিয়েছেন তিনি।
বর্তমানে শ্রীলঙ্কায় ‘লঙ্কা প্রিমিয়ার লিগে’ গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন মিরাজ। সেখানে ভারতীয় ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম রেভস্পোর্টজ-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন ও ভারতের মুখোমুখি হওয়া নিয়ে এসব কথা বলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানো নিয়ে প্রশ্ন করা হলে মিরাজ সরাসরি বলেন, আমার মনে হয়, এটি পুরোপুরি একটি রাজনৈতিক বিষয় ছিল। এর বাইরে এ নিয়ে আমার বলার মতো তেমন কিছু নেই।
বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ প্রকাশ করে ওয়ানডে অধিনায়ক বলেন, দেশের প্রতিটি ক্রিকেটারেরই বিশ্বকাপে অংশ নেওয়ার একটি বড় স্বপ্ন থাকে।
আমাদের অনেক তরুণ ক্রিকেটারও সেই সুযোগের অপেক্ষায় ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। সবাই এর কারণ জানে। তা ছাড়া ভারতে গিয়ে ক্রিকেট খেলতে সবাই চায়।
শীঘ্রই ভারতের একটি সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। ভারতের বিপক্ষে এই হোম সিরিজ নিয়ে নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে মিরাজ বলেন, আমরা এই সিরিজটি নিয়ে খুবই উচ্ছ্বসিত। ভারত যদি বাংলাদেশে আসে, তবে সেটা আমাদের দেশের ক্রিকেটের জন্য বড় এক উপলক্ষ হবে। অনেক দিন হলো তাদের বিপক্ষে আমরা দ্বিপাক্ষিক সিরিজ খেলিনি। ভারত অত্যন্ত শক্তিশালী দল, তাই চ্যালেঞ্জটা কেমন হবে তা আমাদের জানা। নিজেদের চেনা কন্ডিশনে সেরা ক্রিকেট উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষায় আছি।