বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নয়ন সরকার জয়কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বরিশাল নগরীর কাউনিয়া প্রথম গলির ভাড়া বাসা থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নয়ন সরকার জয় বরগুনা জেলার নারায়ণ সরকারের ছেলে। তিনি বরিশাল বিএম কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে নগরীর কাউনিয়া এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার এক তরুণী গত মঙ্গলবার (২৮ জুলাই) কোতোয়ালী মডেল থানায় নয়ন সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে ভুক্তভোগী তরুণী উল্লেখ করেন, ২০২৪ সালে নয়নের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন নয়ন। তবে গত ছয় মাস ধরে বিয়ের জন্য চাপ দিলে বিষয়টি এড়িয়ে চলতে শুরু করেন তিনি। একপর্যায়ে নয়নের পরিবারও তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায় এবং নয়ন যোগাযোগ বন্ধ করে দেন।
তরুণীর আরও অভিযোগ, আত্মগোপনে থাকা অবস্থায় নয়ন তাদের কিছু ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন এবং মামলা দায়েরের উদ্যোগ নিলে তা না করার জন্য তাকে নানাভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম জানান, সুনির্দিষ্ট ধর্ষণের অভিযোগ ও মামলার ভিত্তিতে আসামি নয়ন সরকার জয়কে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।