আধুনিক কেমব্রিজ কারিকুলাম ও মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
একই সময়ে তিনি ভিডিও টেলিকনফারেন্সের (ভিটিসি) মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে এই ইনস্টিটিউটের আরও সাতটি নতুন শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শিক্ষাপ্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সেনাপ্রধান।
উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক চাহিদার আলোকে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সুদৃঢ় নৈতিক মূল্যবোধের সমন্বয় ঘটানো জরুরি। জ্ঞান, নেতৃত্বগুণ ও উচ্চ মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই ইনস্টিটিউটটি যাত্রা শুরু করল।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানটিতে আন্তর্জাতিক কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের মানসম্মত আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষার এক চমৎকার মেলবন্ধন ঘটানো হবে।
অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারবৃন্দ, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।