বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার প্রায় দুই বছর পর এই প্রথমবার কোনো প্রকাশ্য আন্তর্জাতিক অনুষ্ঠানে বক্তব্য দিতে যাচ্ছেন। আগামী ৫ আগস্ট ভারতের নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন, যেখানে তার পাশাপাশি যুক্ত হবেন বিশ্বসেরা অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’-র বরাতে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে প্রত্যক্ষ গণমাধ্যম ও জনসমক্ষে বক্তব্য প্রদান থেকে সম্পূর্ণ বিরত ছিলেন। অবশেষে নয়াদিল্লির ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখবেন তিনি। সেখানে তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে পুন প্রত্যাবর্তনের সম্ভাব্য রূপরেখা তুলে ধরবেন বলে জানা গেছে।
নয়াদিল্লির মথুরা রোডের স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠেয় ওই আলোচনা সভাটি ক্লাবের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হবে।
এফসিসি সাউথ এশিয়ার আমন্ত্রণপত্র সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে কেবল শেখ হাসিনাই নন, বাংলাদেশ থেকে নির্বাসিত ও পরিচিত আরও একাধিক প্রভাবশালী মুখ প্যানেলিস্ট হিসেবে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মোহাম্মদ আলী সিদ্দিকী।
এছাড়া বিশেষ প্যানেল আলোচনায় যুক্ত থাকছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দা আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ-র পরিচালক শাহ মো. বখতিয়ার। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন এফসিসি সাউথ এশিয়া ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবসের (আইএপিসি) সভাপতি ড. ওয়াইল আওয়াদ।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন একপর্যায়ে তীব্র সরকারবিরোধী অভ্যুত্থানে রূপ নিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। দীর্ঘ প্রায় দুই বছর পর তার এই বক্তব্য বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।