বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, বিএনপি নির্বাচনি ইশতেহার ঘোষণা করে এবং তা পালন করে। ৩১ দফা দেয়, আবার ৩২ দফা পর্যন্ত পূরণ করে এর নামই বিএনপি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত দেশব্যাপী ‘ইএফটি’ ও ‘আইবিএএস++’ (iBAS++) পদ্ধতির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিজিটালাইজেশনের সুবিধার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন ঘরে বসেই শিক্ষকরা তাঁদের প্রাপ্য অর্থ ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন, যেখানে এক টাকাও উৎকোচ বা ঘুষ দিতে হচ্ছে না। অবসরের ৫ থেকে ৭ লাখ টাকা গ্রামের একজন দরিদ্র শিক্ষকের জন্য অনেক বড় সহায়ক।
সরকারের ১৮০ দিনের অর্জনের সমালোচকদের জবাব দিয়ে তিনি বলেন, ডিজিটাল পদ্ধতিতে অবসর ভাতা প্রদান ইশতেহারে না থাকলেও সরকার তা বাস্তবায়ন করেছে, যা সরকারের ৩২ নম্বর সফলতা। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস বিতরণকে তিনি সরকারের ৩৩ নম্বর সাফল্য হিসেবে অভিহিত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী উদ্যোগের প্রশংসা করে সালাহ উদ্দিন আহমদ বলেন, সরকার কৃষকদের দেওয়া কথা রাখার পাশাপাশি দরিদ্র মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে। আর্থিক সক্ষমতার ওপর ভিত্তি করে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের সব মা-বোনের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে।
অর্থনীতির গতিশীলতা প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই অর্থ সরাসরি দরিদ্র মানুষের হাতে পৌঁছানোর ফলে বাজারে কেনাকাটা বাড়বে, যা চেইন ইন্ডাস্ট্রিগুলোকে সচল রাখবে এবং নতুন কর্মসংস্থান তৈরি করবে। সাধারণ মানুষের হাতে অর্থ পৌঁছালে তাদের সন্তানদের শিক্ষা ও জীবনযাত্রার মান উন্নত হবে, যা বাংলাদেশকে একটি টেকসই উন্নয়নের দিকে নিয়ে যাবে।