সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের ২৩তম বিশেষ পরিষদের বৈঠকের ফাঁকে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি বিশেষ চিঠি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

বৈঠককালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের সুদৃঢ় ও ইতিবাচক গতিধারা নিয়ে উভয় পক্ষই গভীর সন্তোষ প্রকাশ করে। আগামী দিনে এই অংশীদারত্বকে আরও উচ্চতর মাত্রায় নিয়ে যাওয়ার বিষয়ে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দুই দেশের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের সফর সম্পন্ন হয়েছে। এর ফলে বিভিন্ন অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক খাতে বিস্তৃত সহযোগিতার নতুন দুয়ার উন্মোচিত হয়েছে। তিনি অদূর ভবিষ্যতে দু’দেশের মধ্যে আরও উচ্চপর্যায়ের সফর বিনিময়ের সম্ভাব্য রূপরেখার কথা তুলে ধরেন এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, সৌদি আরবের মূল অগ্রাধিকারপ্রাপ্ত বন্ধুপ্রতীম দেশগুলোর তালিকায় বাংলাদেশ অন্যতম। অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার তাগিদ দিয়ে তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার পরিসর বাড়াতে সৌদি কোম্পানিগুলোর আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি, সৌদির উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসী বাংলাদেশী কর্মীদের মূল্যবান ও কর্মঠ অবদানের ভুয়সী প্রশংসা করেন তিনি।

সৌজন্য ও দ্বিপাক্ষিক আলোচনায় সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন