সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

রংপুরে চার খুন: আসামিদের ডোপ টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্ট প্রতিবেদনে

রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডোপ টেস্ট প্রতিবেদনে মাদক সেবনের কোনো আলামত পাওয়া যায়নি।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ডোপ টেস্টের রেজাল্ট নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

এর আগে সুরক্ষার কথা বিবেচনা করে ‘মব’ বা অপ্রীতিকর ঘটনার শঙ্কায় আসামিদের বাইরে না এনে রবিবার (৩০ আগস্ট) রংপুর কেন্দ্রীয় কারাগারেই চিকিৎসকদের মাধ্যমে তাদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা বিভাগের (ডিবি) উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, রংপুর মেডিক্যাল কলেজের টেকনোলজিস্টদের মাধ্যমে তিন দফা পরীক্ষা করা হলেও আসামিদের শরীরে মাদকের কোনো উপস্থিতি মেলেনি।

উদ্ধারকৃত প্রাথমিক তথ্যে পুলিশ জানিয়েছিল, আসামিরা শিক্ষক গণপতি চক্রবর্তীর বাসার ছাদে উঠে ইয়াবা সেবন করার সময় ধমক পাওয়ায় এ হত্যাকাণ্ড সংঘটিত করে। ফলে ডোপ টেস্টের ফলাফল নেগেটিভ আসায় মামলার গতিপ্রকৃতি ও তদন্তের দিক নিয়ে বিভিন্ন মহলে নতুন আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার নিজ বাসা থেকে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়, যারা ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলাটি রংপুর ডিবি পুলিশ তদন্ত করছে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন