রাজবাড়ী শহরে ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে জাকিয়া সুলতানা নামের এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও এলোপাতাড়ি মারধরের অভিযোগ উঠেছে। রাজবাড়ী সদর থানা পুলিশের উপস্থিতিতেই একদল যুবক ওই নারীর ওপর হামলা চালায়। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জাকিয়া রাজবাড়ী কাপড় বাজারের ‘আস্থা পোশাক শিল্প’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা ওই নারীকে উদ্ধার করে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় পেছন থেকে এক যুবক এসে তাকে সজোরে লাথি মারেন। এরপর আরও কয়েকজন যুবক এগিয়ে এসে ওই নারীকে এলোপাতাড়ি মারধর করতে থাকেন।
ভুক্তভোগী জাকিয়া সুলতানা জানান, তার প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী বৃষ্টি হিসাব বুঝিয়ে না দিয়ে অন্য দোকানে চলে যান। এ বিষয়ে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতিতে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই তাকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার হুমকি দেওয়া হচ্ছিল। শনিবার পুলিশ যখন তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন পেছন থেকে অজ্ঞাত যুবকেরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় দ্রুত সংবাদ সম্মেলন করে পরবর্তী আইনি পদক্ষেপের কথা জানিয়েছেন তিনি।
তবে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ জাকিয়ার সব অভিযোগ অস্বীকার করে জানান, জাকিয়া উল্টো ব্যবসায়ীদের ওপর চড়াও হলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় কারা লাথি মেরেছে, তা তিনি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি বলে দাবি করেন। অপরদিকে, অভিযুক্ত সাবেক কর্মচারী বৃষ্টি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, ব্যবসাসংক্রান্ত দ্বন্দ্বের জেরে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। পরে দুপক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতা করে সমাধান করা হয়েছে।