বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে আধুনিক মাল্টিরোল ফাইটার জেট ক্রয়ের পরিকল্পনা কোনো আকস্মিক বা বিচ্ছিন্ন বিষয় নয়, বরং এটি সশস্ত্র বাহিনীর দীর্ঘমেয়াদি ‘ফোর্সেস গোল’-এরই সুনির্দিষ্ট অংশ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের তিন বাহিনীর মধ্যে বিমান বাহিনীর আধুনিক যুদ্ধবিমান সক্ষমতায় তুলনামূলক ঘাটতি রয়ে গেছে। বর্তমানে হাতে থাকা অল্পসংখ্যক মিগ-২৯ বাদে বহরের একটি বড় অংশ পুরোনো প্রযুক্তির জে-৭ সিরিজের। ফলে আধুনিক আকাশ প্রতিরক্ষায় ‘মাল্টিরোল ফাইটার’-এর গুরুত্ব বিবেচনা করে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
যুদ্ধবিমান ক্রয়ের উৎস ও সরকারের বিবেচনার বিষয়গুলো সংবাদ সম্মেলনে বিশদভাবে তুলে ধরা হয়। যার মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনসহ একাধিক দেশের বিকল্প সরকারের সামনে ছিল। তবে তুলনামূলক মূল্য, সক্ষমতা এবং পরিচালনা ব্যয় বিবেচনায় চীনা বিকল্পটিকে বেশি সুবিধাজনক মনে করছে সরকার। সমমানের সক্ষমতা অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে পাওয়ার পাশাপাশি সাম্প্রতিক বাস্তব যুদ্ধক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মটির ইতিবাচক পারফরম্যান্স সরকার বিবেচনায় নিয়েছে। অতীতে মিগ-২৯ কেনাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগের ইতিহাস মনে রেখে, এবার যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে সে বিষয়ে সরকার পূর্ণ সতর্ক থাকবে।
সবশেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, দেশের সার্বিক প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতেই এই সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নের পথ ধরা হয়েছে।