গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ বিভিন্ন দাবিতে আগামীকাল শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এই কর্মসূচি সফল করতে সরকারের প্রতি প্রশাসনিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের সর্বশেষ প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে সংসদের ভেতরে ও বাইরে বিরোধীদল হিসেবে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করছি। সরকারের প্রতি আহ্বান, এ সর্ববৃহৎ শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে প্রশাসনিক সহযোগিতা দিয়ে জনগণের আস্থায় থাকুন। তিনি আরও সতর্ক করে বলেন, লংমার্চে কোনো প্রতিকূল পরিবেশ সৃষ্টি করা হলে তার দায় সরকারকেই নিতে হবে এবং তা জনরোষ তৈরি করতে পারে।
সরকারের মেয়াদ ছয় মাস পেরিয়ে গেলেও গণভোটের রায় বাস্তবায়নে পদক্ষেপ না নেওয়ার সমালোচনা করে তিনি বলেন, আমরা সরকার উৎখাতের আন্দোলন করছি না, তবে জনগণের ৬ দফা দাবি ও গণভোটের রায় মেনে নিতে হবে। এ লংমার্চের মাধ্যমে আমরা রাজনৈতিক সহিংসতামুক্ত ও পরমতসহিষ্ণু পরিবেশ তৈরি করতে চাই।
কর্মসূচির বিস্তৃতি সম্পর্কে জানানো হয়, আগামীকাল শনিবার সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু হবে। দেড় হাজারের বেশি যানবাহনের এই বহর নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়া বাজার, ফেনীর মহীপাল ও সীতাকুণ্ডের মীরসরাইয়ে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে। জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনকেও ইতোমধ্যে লিখিতভাবে বিষয়টি অবহিত করা হয়েছে।
লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ারের পরিচালনায় প্রস্তুতি বৈঠকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।