সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ মনে করার ভ্রান্ত ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ হিসেবে বিবেচনা করার অতীত ধারণা ও অপসংস্কৃতি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার

সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ হিসেবে বিবেচনা করার অতীত ধারণা ও অপসংস্কৃতি ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড় থেকে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তি এ দেশের সনাতন ধর্মের ভাইবোনদের তাদের নিজস্ব ভোটব্যাংক মনে করত। আপনারা সেই ভ্রান্ত ধারণা ও মিথ ভেঙে দিয়েছেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার এবং নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার।

সংবিধানের আলোকে নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে সব ধর্মের অনুসারীদের ধর্মচর্চা ও স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে দেওয়া হয়েছে। ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না। আমরা কেবল সংবিধানে এটি লিখে রেখে শান্ত থাকব না, বাস্তবেও এই সম্প্রীতি ও স্বাধীনতা নিশ্চিত করব।

সবাইকে নাগরিক পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি, তারপর আমাদের ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়। স্বাধীন নাগরিক হিসেবে কেউ নিজেদের ‘সংখ্যালঘু’ ভাববেন না। এ দেশের প্রতিটি মানুষের সমান অধিকার রয়েছে।

ভাষাগত সংস্কারের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দটির চেয়ে ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি’ বলা বেশি যুক্তিযুক্ত। তাই আজ থেকে আমরা সাম্প্রদায়িক শব্দ পরিহার করে ধর্মীয় সম্প্রীতি, সহ-অবস্থান এবং সামাজিক শান্তির কথা বলব।

বক্তব্য শেষে স্বরাষ্ট্রমন্ত্রী র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং সকলের কল্যাণ ও মঙ্গল কামনা করেন।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন