নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন ঢাকায় বসবাসরত নোয়াখালী জেলার অধিবাসীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে “চকবাজার স্টাফ সমিতি”-এর ব্যানারে এই মিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।
জানা গেছে, বিকেলে ৩টার দিকে পুরান ঢাকার চকবাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।
অবস্থান কর্মসূচিকালে আন্দোলনকারীরা দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই—সহ বিভিন্ন সরকারবিরোধী ও দাবিসংবলিত স্লোগানে শাহবাগ এলাকা মুখরিত করে তোলেন।
গুরুত্বপূর্ণ এই সড়ক সংযোগস্থলে বিক্ষোভের কারণে শাহবাগ ও এর আশপাশের এলাকায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ যানজট সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যানবাহনের যাত্রীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভৌগোলিক, অর্থনৈতিক ও ঐতিহাসিক দিক থেকে নোয়াখালী পূর্ণাঙ্গ বিভাগের মর্যাদা পাওয়ার দাবি রাখে। দ্রুত এ দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।