চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সৈনিক নিহত হয়েছেন। এ ঘটনায় ১ জন সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
আইএসপিআর জানায়, হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে রুটিন অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই সেনাসদস্য প্রাণ হারান।
আহত কর্মকর্তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।