সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের কেন্দ্রস্থল পাঁচ রাস্তার মোড়ের শহীদ চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে কুষ্টিয়া শহর মহিলা দলের সভানেত্রী শিল্পীর নেতৃত্বে সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে মহিলা দল নেত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন দায়িত্বশীল নারী জনপ্রতিনিধিকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন। তাঁরা উক্ত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আমির হামজার বিরুদ্ধে সাংগঠনিক ও রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এদিকে, ঘটনার পেছনে সারের ডিলার নিয়োগ সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক। তিনি দাবি করেন, সারের ডিলার নিয়োগ কমিটিতে সংসদ সদস্যদের উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখার কথা থাকলেও সেখানে এককভাবে দলীয়করণ করা হয়েছে। সাধারণ ব্যবসায়ীদের বঞ্চিত করে বিএনপির একচেটিয়া প্রক্রিয়ার বিরোধিতা করতে গিয়েই মুফতি আমির হামজা ওই বক্তব্য দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
তবে অভিযোগ খণ্ডন করে জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন জানান, সারের ডিলার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিয়ম মেনেই যোগ্যতা ও আবেদনের ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। এতে স্বজনপ্রীতি বা দলীয়করণের সুযোগ নেই। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু একজন সম্মানিত নারী সংসদ সদস্যকে লক্ষ্য করে অবমাননাকর মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। আর সে কারণেই মহিলা দল রাজপথে নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে।