কারিগরি ক্রুটির কারণে টানা চার দিন ধরে বন্ধ রয়েছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। বয়লার অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং অভ্যন্তরীণ ত্রুটি মেরামতে বিদেশি বিশেষজ্ঞদের আসার কথা থাকলেও তাঁরা এখনো কেন্দ্রে পৌঁছাননি। ফলে ইউনিটটি ঠিক কবে নাগাদ পুনরায় উৎপাদনে ফিরবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি থেকে গত কয়েক মাস ধরে জাতীয় গ্রিডে দৈনিক ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে গত রোববার সকালে কেন্দ্রটির ২ নম্বর ইউনিটে আকস্মিক কারিগরি বিপর্যয় দেখা দিলে এর উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর ফলে কেন্দ্রের সার্বিক উৎপাদন অর্ধেকে নেমে এসেছে এবং বর্তমানে তা ৬০০ মেগাওয়াটের নিচে রয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফসিএল) শীর্ষ কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।
তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, বন্ধ থাকা ২ নম্বর ইউনিটটি বর্তমানে ‘কুল ডাউন’ বা ঠান্ডা করার প্রক্রিয়ায় রয়েছে। বয়লার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি পুরোপুরি ঠান্ডা হওয়ার পর বিশেষজ্ঞ প্রকৌশলীরা মূল পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতের কাজ শুরু করবেন। তবে প্রকৌশলীদের আগমন ও ইউনিট চালু হওয়ার নির্দিষ্ট সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।