সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া মহানগরীর মাটিডালি বিমান মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ঢাকা থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হওয়া লংমার্চের বহরটি বগুড়ায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাঁদের স্বাগত জানান এবং শতাধিক গাড়ির বহর নিয়ে লংমার্চে যুক্ত হন।
পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, এবারের লংমার্চ হয়েছে ঢাকা থেকে রংপুরের দিকে। আগামী লংমার্চ হবে পঞ্চগড় থেকে ঢাকার দিকে। কোনও হুমকি-ধমকি বা নাটকের পরোয়া আমরা করি না। জনগণের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরবো না।
জুলাই শহীদদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিলেও সরকার জুলাই আন্দোলনের সনদ বাস্তবায়ন করেনি। নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সার ও বিদ্যুৎ-গ্যাসের সংকটের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সরকার কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও কার্যত চাঁদাবাজি ও বৈষম্য বাড়িয়েছে। চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভার নম্বর বাড়িয়ে দলীয় লোকজনকে সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং কুমিল্লায় শিক্ষিকার সন্তান নিখোঁজ ও হত্যার ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন জামায়াত আমির।
বগুড়া মহানগর জামায়াতের আমির আব্দুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, জামায়াতের নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেনসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।