রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টা ২২ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানা পুলিশ একটি মাইক্রোবাসে করে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে আসে। বর্তমানে তাদের সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে।
হাজতখানার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আদালতে হাজির করার পর হাজতখানায় রাখা হয়েছে।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে এ রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।