ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক লাইভ অডিও সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। নয়াদিল্লি থেকে সম্প্রচারিত এই সাক্ষাৎকারটি ছিল এনডিটিভির সঙ্গে তাঁর প্রথম অডিও কথোপকথন।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, একজন নাগরিক ও সাবেক রাষ্ট্রনেতা হিসেবে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে দেশে ফেরার অধিকার তাঁর রয়েছে। প্রত্যাবর্তন অনিবার্য উল্লেখ করে তিনি জানান, জাতীয় স্বার্থ রক্ষা করে সঠিক পদ্ধতি ও সময়েই তিনি ফিরবেন।
২০২৫ সালের নভেম্বরে ট্রাইব্যুনালে দেওয়া মৃত্যুদণ্ড এবং বিএনপি-নেতৃত্বাধীন তারেক রহমান সরকারের অধীনে গ্রেপ্তারের ঝুঁকি প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই সাজার বিরুদ্ধে ও রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যেতে তিনি প্রয়োজনে কারাবরণেও প্রস্তুত আছেন। তবে বিচারিক প্রক্রিয়া চলাকালে পূর্ণাঙ্গ আইনি সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান তিনি।
রাজনৈতিক দমন-পীড়নের মুখে থাকা আওয়ামী লীগের পুনর্গঠন ও সমর্থকদের সাথে পুনরায় সংযোগ স্থাপনে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
পাশাপাশি, বাংলাদেশে জঙ্গিবাদ ও চরমপন্থার বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা রক্ষায় চরমপন্থা মোকাবিলা, আঞ্চলিক অর্থনৈতিক সংহতি ও উন্নত সুশাসনের ওপর জোর দেন।