ময়মনসিংহের গফরগাঁওয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচ অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর রাতে চর কালিবাড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গৃহবধূর ছেলেকে জিম্মি করে তাঁকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় ইতোপূর্বে রাজিব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ন্যক্কারজনক এই অপরাধের জেরে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী একজোট হয়ে অভিযুক্ত পাঁচজনের বাড়িতে হামলা চালায়। তাঁরা ঘরের টিনের বেড়া ও চাল খুলে ফেলে স্তূপ করে রাখেন। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ অভিযুক্তদের স্বজনদের নিরাপদে সরিয়ে নেন।
খবর পেয়ে বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কবির হোসেন আকন্দ বলেন, “এমন লোমহর্ষক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ক্ষোভ থেকেই এলাকাবাসী এ ভাঙচুর চালিয়েছে।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ধর্ষণের ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।