ফেসবুকে নীল শাড়ি পরে গানসহ ভিডিও পোস্ট করে ট্রলের শিকার হওয়া সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ শিক্ষক’ নির্বাচিত হয়েছেন।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন শ্রেষ্ঠ শিক্ষকের তালিকা বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলা থেকে বাছাইকৃত শিক্ষকদের মধ্য থেকে চারজনকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। বিউটি রাণী পাল ছাড়াও জেলা শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত অন্য শিক্ষকগণ হলেন— সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।
উল্লেখ্য, গত ২৩ জুলাই বিউটি রাণী পাল তাঁর ফেসবুকে ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানের সাথে আঁচল উড়িয়ে হাঁটার কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করার পর এক শ্রেণীর নেটিজেনদের সাইবার বুলিং ও আপত্তিকর ট্রলের শিকার হন। তবে দেশের শিক্ষক, লেখক, সাংবাদিক ও সর্বস্তরের সচেতন মানুষ তাঁর পক্ষে অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই গানটির সাথে ভিডিও পোস্ট করে অভিনব প্রতিবাদ গড়ে তোলেন। বিতর্ক ও সব অন্যায্য সমালোচনা পেরিয়ে অবশেষে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হলেন।