সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

সংবিধান সংস্কারে ব্যর্থ হলে দায় বিএনপির ওপর পড়বে: মাহমুদুর রহমান মান্না

সংবিধান সংস্কার ও রাষ্ট্রের মৌলিক পরিবর্তন প্রক্রিয়ায় ব্যর্থ হলে তার সব দায়দায়িত্ব বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একই

সংবিধান সংস্কার ও রাষ্ট্রের মৌলিক পরিবর্তন প্রক্রিয়ায় ব্যর্থ হলে তার সব দায়দায়িত্ব বিএনপিকে নিতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। একই সঙ্গে গায়ের জোরে কিছু না করে বিরোধী দলসহ সকল অংশীজনকে সঙ্গে নিয়ে রাষ্ট্র সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘রাষ্ট্র সংস্কার এবং সংবিধান বিতর্ক’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, বিরোধী দলসহ সব অংশীজনকে নিয়ে সংবিধান ও রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে সরকারকে। গায়ের জোরে কিছু ভালো হবে না। সবাইকে নিয়ে কাজ করতে হবে। এমন কিছু করা যাবে না, যাতে আরও সংকট বেড়ে যায়।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, বড় গণঅভ্যুত্থানের পর দেশে খুনোখুনি, ধর্ষণ, হামলা, গ্রেপ্তার এবং সাধারণ মানুষের চরম নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়েছে। সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের আধুনিক স্টুডিও এবং এক নারীর বাড়ি ভেঙে দেওয়ার ঘটনা এবং শিশুদের নিরাপত্তাহীনতার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, এমন পরিস্থিতির জন্য কি এই অভ্যুত্থান হয়েছিল? তাহলে সংস্কার কোথায়?

বগুড়ার শিবগঞ্জে নিজ দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার ও নিম্নআদালতের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, নিম্নআদালতেও দখলদারিত্বের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এছাড়া বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে লিটারপ্রতি ২০ টাকা দাম বাড়ানো এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সমালোচনা করেন তিনি।

মান্না আরও বলেন, আমরা চাই সরকার সফল হোক। কিন্তু দেড় বছরের মাথায় বিএনপি ব্যর্থ হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে। রাষ্ট্র এমন হতে হবে, যাতে তা গণতান্ত্রিক হয় এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ ও গণভোটের রায় অনুযায়ী সংবিধান বাস্তবায়ন হয়।

নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ্ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর আহমেদ চৌধুরী দীপু, দেলোয়ার হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিব আনোয়ার এবং সদস্যসচিব ফেরদৌসী আক্তারসহ শীর্ষ নেতারা।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন