সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

তথ্য গোপন করে বহুবিবাহ ও বাল্যবিয়ে রোধে ডিজিটাল হচ্ছে বিবাহ-তালাক নিবন্ধন: আইনমন্ত্রী

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে প্রতারণামূলক একাধিক বিয়ে ও বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখা

দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে তথ্য গোপন করে প্রতারণামূলক একাধিক বিয়ে ও বাল্যবিবাহ রোধে কার্যকর ভূমিকা রাখা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে ‘অনলাইনে তালাক ও নিকাহ নিবন্ধন সফটওয়্যারের ব্যবহার’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী জানান, বিবাহ ও তালাক নিবন্ধনের ডিজিটাল তথ্য পর্যায়ক্রমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি সারাদেশের কাজীদের পর্যায়ক্রমে এই ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

অনলাইন ব্যবস্থার সুবিধা তুলে ধরে তিনি বলেন, অনলাইনে তথ্য সংরক্ষিত থাকলে কোনো ব্যক্তি পূর্বে বিবাহিত কি না, তা সহজে যাচাই করা সম্ভব হবে। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া গোপনে দ্বিতীয় বিয়ের সুযোগ থাকবে না। এছাড়া বৈবাহিক অবস্থার তথ্য কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকলে বাল্যবিবাহ এবং জালিয়াতি বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

আইনমন্ত্রী আরও উল্লেখ করেন, কোনো ব্যক্তির মৃত্যুর পর একাধিক ব্যক্তি স্ত্রী বা সন্তান দাবি করলে অনলাইনের তথ্যের মাধ্যমে তা দ্রুত নিস্পতি করা যাবে। এতে অপ্রয়োজনীয় মামলা-মোকদ্দমা কমে আসবে। অন্যদিকে, প্রবাসীদের স্ত্রীদের বিদেশে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কর্তৃপক্ষ অনলাইনে সহজে বৈবাহিক তথ্য যাচাই করতে পারবে।

একই অনুষ্ঠানে আইনমন্ত্রী ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিন একই কর্মস্থলে বহাল থাকার সিন্ডিকেট ভাঙতে নতুন উদ্যোগের কথা জানান। তিনি বলেন, ঢাকার সাব-রেজিস্ট্রারদের বদলি করতে গেলে বিভিন্ন স্তর থেকে তদবির আসে। এই পরিস্থিতি বন্ধে এখন থেকে নিয়মনীতি মেনে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রারদের পোস্টিং ও পদায়ন নিশ্চিত করা হবে।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন