নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে সেই নির্বাচনে অংশ নেবে না বলে দেশটিতে সফররত কমনওয়েলথ মহাসচিবের কাছে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে বাতিলকৃত সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)।
রোববার সন্ধ্যায় ঢাকায় সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের সঙ্গে বৈঠকে দলটির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ দাবি জানান।
রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে জাপার পক্ষে উপস্থিত ছিলেন দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং চেয়ারম্যানের আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা। পাঁচ সদস্যের কমনওয়েলথ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মহাসচিব বচওয়ে।
‘নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি’
বৈঠকে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নেই, প্রশাসন বিভক্ত, রাজনৈতিক পরিস্থিতিতে ‘মব’ সক্রিয়, দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার হয়নি ও কয়েকজন নেতার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
প্রতিনিধি দলকে মামলা ও নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া নির্বাচনমুখী হওয়া সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়েছেন জাপা চেয়ারম্যান।
জাপা প্রস্তুত, কিন্তু পরিবেশ নেই বলে দাবি করেছেন প্রেসিডিয়াম সদস্য মাশরুর মওলা।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত থাকলেও সামগ্রিক পরিবেশ এখনও অনুকূলে নয় বলে কমনওয়েলথ মহাসচিবকে জানানো হয়েছে।