পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ি সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী ও বিদায়ি হাইকমিশনার ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান প্রেক্ষাপট ও চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করেন। গত কয়েক বছরে দুই দেশের সম্পর্কের যে অনন্য উচ্চতা তৈরি হয়েছে, তা ধরে রাখার ব্যাপারে উভয় পক্ষই একমত পোষণ করেন।
হাইকমিশনার প্রণয় ভার্মা উল্লেখ করেন যে, ভারত বাংলাদেশের সরকার ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সব সময়ই আগ্রহী। তিনি বলেন, দুই দেশের জাতীয় উন্নয়নের অগ্রাধিকারের ওপর ভিত্তি করে জনকল্যাণমুখী সহযোগিতার ধারা অব্যাহত থাকবে। পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে নতুন নতুন ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে মেয়াদে পাওয়া ধারাবাহিক সহযোগিতার জন্য প্রণয় ভার্মা বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রণয় ভার্মার বলিষ্ঠ ভূমিকা ও ব্যক্তিগত অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি হাইকমিশনারের পরবর্তী কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।
বৈঠক শেষে আশাবাদ ব্যক্ত করা হয় যে, দুই দেশের নতুন আকাঙ্ক্ষা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে আগামী দিনে ঢাকা-দিল্লি সম্পর্ক আরও গভীরে পৌঁছাবে এবং দক্ষিণ এশিয়ায় উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে টিকে থাকবে।