আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা শেষে তিনি জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের ‘পুশ-ইন’ বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন যে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনোভাবেই যেন পুশ-ইন না হয়, সে বিষয়ে সজাগ থাকা।
পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্ন করতে সরকার একগুচ্ছ পরিকল্পনা গ্রহণ করেছে। সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তগুলো হলো, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি পশুর হাট বসবে। প্রতিটি হাটে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
পশুবাহী যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রতিকারের জন্য ১৬৬১১৩ হটলাইন নাম্বারে কল করার অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।
ঈদের আগে ৭ দিন এবং পরে ৭ দিন বিশেষ মনিটরিং সেল কার্যকর থাকবে, যা সারা দেশের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে।
কোরবানির পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণের লক্ষ্যে সরকার ২০ কোটি টাকা বরাদ্দ করেছে, যার মাধ্যমে বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, পশুবাহী ট্রাক বা নৌযানে কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশসহ সব বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।