অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত গ্রহণে একটি ‘কিচেন কেবিনেট’ কাজ করতো—সাবেক কয়েকজন উপদেষ্টার এমন দাবির মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেছেন, আলোচিত ওই ‘কিচেন কেবিনেট’-এর সদস্য তিনি ছিলেন না।
বুধবার (২৬ মে) বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিচেন কেবিনেট সম্পর্কে যে তথ্য দিচ্ছেন, এর সদস্য আমি ছিলাম না।”
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গে তৎকালীন সরকার কোনো আলোচনা করেনি। তার দাবি, বিএনপির পরামর্শে নির্বাচনের তিন দিন আগে তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটি সম্পন্ন করেন।
আসিফ মাহমুদ বলেন, “এই চুক্তি সম্পূর্ণ তারেক রহমান ও বিএনপির ইচ্ছেতে হয়েছে। কেউ চাইলে এটি সংশোধন বা বাতিলও করতে পারে। বিশ্বের অনেক দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিল করেছে।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন নিয়েও সমালোচনা করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, “এবারের বিসিবি নির্বাচনে কেউ নিজের যোগ্যতায় কাউন্সিলর হয়নি। সবাই এসেছে পারিবারিক পরিচয়ে। অন্তর্বর্তী সরকারের সময়ে যোগ্যতার ভিত্তিতে কাউন্সিলর করা হয়েছিল। এখন ক্রীড়াকে পারিবারিকরণ করা হয়েছে।”