সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সম্পূর্ণ প্রতিবেদন

আ. লীগে যোগ দিলেন নেত্রকোনা-১ আসনের ইসলামী আন্দোলনের সাবেক প্রার্থী

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান (সোহাগ) এক লাইভ ভিডিও বার্তার

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের রাজনৈতিক সমীকরণে নতুন মোড় এসেছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল মান্নান (সোহাগ) এক লাইভ ভিডিও বার্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও বার্তায় তিনি বিগত বছরগুলোতে বাংলাদেশের অবকাঠামোগত ও সামগ্রিক উন্নয়নে আওয়ামী লীগ সরকার এবং দলটির সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

যোগদানের ঘোষণা দিয়ে সাবেক এই নির্বাচন প্রার্থী দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে শামিল হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি বিগত দিনে আওয়ামী লীগ সরকারের নেওয়া বিভিন্ন মেগা প্রজেক্ট এবং জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।

ভিডিওটি পোস্ট হওয়ার পর থেকেই স্থানীয় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা রাজনীতিতে নানামুখী আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেটিজেন ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের একাংশ এটিকে স্বাগত জানালেও, অন্য অংশটি ইসলামী ধারার রাজনীতি থেকে হুট করে এই আদর্শিক পরিবর্তনের বিষয়টিকে বেশ বিস্ময়ের সঙ্গে দেখছেন।

পোস্টটির ক্যাপশনে অনুসারীদের ইঙ্গিত করে লেখা হয়েছে, ‘একবার দাঁড়িয়ে থাকতে পারলে জনস্রোত তীব্র এবং অপ্রত্যাশিত হবে। অবশ্যই খুব দ্রুতই দাঁড়িয়ে থাকতে পারবো প্রতিশ্রুতির রাজপথে…’। যা থেকে স্পষ্ট আওয়ামী লীগে যোগ দিয়েই তিনি স্থানীয় রাজনীতিতে নিজের অবস্থান শক্ত করতে এবং বড় কোনো সাংগঠনিক ভিত্তি তৈরি করতে বেশ আশাবাদী।

এই যোগদানের বিষয়ে এখনো স্থানীয় আওয়ামী লীগ বা ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা ও উপজেলা কমিটির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা প্রেস রিলিজ পাওয়া যায়নি।

সাম্প্রতিক প্রতিবেদন

আরও পড়ুন